ব্যাংকের শাখায় ছিল ভল্ট ও সিন্দুক, সেই ভল্টের তালা কেটে এবং সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সিনেমার মতো এই ব্যাংক চুরির ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায়। সেখান থেকে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে। আর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জানা গেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ভোল্টের তালা কেটে ভিতরে রাখা সিন্দুক ভেঙ্গে টাকা চুরি করে পালিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন চার ব্যক্তিকে আটকও করেছে।
এজেন্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফার জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ব্যাংক থেকে চুরির বিষয়টি দেখতে পেয়ে তাকে জানালে তিনি দ্রুতই ব্যাংকে আসেন। পরে তিনি দেখতে পান ব্যাংকের ভোল্ট থেকে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি হয়েছে।
চুরির ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘চুরির ঘটনার খবর পেয়ে আমরা এজেন্ট ব্যাংকে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তের কাজ চলছে।’
তিনি আরও জানান, ঘটনা সম্পর্কে জানতে মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply