তামিম ইকবাল দলে না থাকায় সুযোগ পেয়েছিলেন এশিয়া কাপের স্কোয়াডে। এরপর আকস্মিক লিটন দাসের অনুপস্থিতিতে অভিষেকটাও হয়ে যায় তানজিদ হাসান তামিমের। কিন্তু জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচটা শুরুটা হয়েছে বিষাদময় জুনিয়র তামিমের। লঙ্কান স্পিনার মাহেশ থিকশানার বলে শূন্যতেই সাজঘরে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ১৪৩ নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তানজিদ তামিমের। তবে তার ওপর যে আশার পারদ ছিল তা প্রমাণে ব্যর্থ হন তিনি।
ইনিংসের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কান স্পিনার মহীশ তিকসানার ক্যারম বলে লাইন পুরো মিস করে গেছেন তানজিদ হাসান। প্যাডে লেগেছে, আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি তানজিদ হাসান। আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হলো বাংলাদেশ ওপেনারকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান। মোহাম্মদ নাইম ৮ ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ০ রানে ব্যাট করছেন।
Leave a Reply