বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ডলারের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। তবে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি অভিযান পরিচালনা করেছে জানিয়ে টিপু মুনশি বলেন, চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৮০৩টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আর বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে বলেও জানান টিপু মুনশি।
Leave a Reply