সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হবে। নতুন দর যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৪৯ টাকা নির্ধারণ করা হবে। এক থেকে দুই দিনের মধ্যেই সয়াবিনের নতুন দর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঘোষণা দেন তিনি।
টিপু মুনশি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিকাল থেকেই অভিযানে নামবে।
খুচরা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ফার্মের ডিমের দামও নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যা আজ থেকেই কার্যকর হবে। এছাড়া, সয়াবিন তেল ৫ টাকা ও পাম অয়েলের দাম ৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা ও প্রতিটি ফার্মের ডিমের দাম ১২ টাকায় বিক্রি করতে হবে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৪ থেকে কমিয়ে ১৬৯ টাকা, খোলা তেল ১৫৪ থেকে কমে ১৪৯ টাকা ও পাম তেল ১২৮ থেকে কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হলো। এক থেকে দুই দিনের মধ্যেই সয়াবিন ও পাম তেলের নতুন দর কার্যকর হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিকাল থেকেই অভিযানে নামবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
Leave a Reply