বিএনপি নেতাকর্মীদের মামলা দিতে ও তাদের গ্রেপ্তার করতে সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিরোধীদল তথা বিএনপির নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। কিন্তু মামলা ও সাজা দিয়ে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে পেতে মাঠে নেমেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে মানুষের ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই। এই দিকে সরকারের কোনো খেয়াল নাই। সরকারের খেয়াল একটাই কিভাবে ক্ষমতায় যেতে হবে। এই দেশকে শোষণ করতে হবে।
তিনি বলেন, ‘আজকে আমরা রাস্তায় নেমেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে।’
সরকারের প্রতি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে পার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দাও। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনে সাজার ব্যবস্থা কর।
তিনি বলেন, ‘এই সরকারকে বলব, সংসদকে ভেঙে দিন। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। কিন্তু তারা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তারা ১০টি আসনও পাবে না। এ কারণে তারা আবারও দলীয় সরকারের অধীনে অবৈধভাবে নির্বাচন করতে চায়।’
Leave a Reply