সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ কখন এবং দাফন কোথায় হবে তা জানতে অধীর আগ্রহে রয়েছেন দলের নেতাকর্মীসহ আপামর জনগণ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- দুপুর সাড়ে বারোটায় দলের স্থায়ী কমিটির বৈঠকের পরই তা জানানো হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জানাযা, দাফন বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডাকা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে। ওই মিটিংয়ে সকল সিদ্ধান্ত নিয়ে দেশনেত্রীর জানাজা ও দাফনের বিষয়ে আলোচনা হবে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে আগামীকাল বুধবার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে দাফন করা হবে। তবে এটা এখনো চূড়ান্ত নয়।
খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা জটিল অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বয়ঃজনিত আরও বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
২০২২ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই বছরের ৯ জানুয়ারি তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন।
Leave a Reply