রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহ নয়া-পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর ২টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় রয়েছে। জানাজায় অংশ নিতে কার্যালয়ের সামনে এসেছেন দলের নেতাকর্মীরা।
জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ তার বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আছর দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার ডা. আয়েশা পারভিন মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন করেন।
বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার এলাকায় বসুন্ধরা সিটির পেছনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মুছাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর মুছাব্বিরকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আবু সুফিয়ান মাসুদ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ব্যক্তিগত জীবনে মুছাব্বির দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
Leave a Reply