আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে— এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টিতে নেতা-কর্মীদের চরম দুর্ভোগ এবং সমর্থকদের বিড়ম্বনা পোহাতে হতে পারে— এমন আশঙ্কা থেকে আজকের (শনিবার) জনসমাবেশ বাতিল করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। স্থগিত সমাবেশ আগামী শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এর আংশিক অংশের উদ্বোধন করা হবে।
টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ লক্ষাধিক লোকের উপস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা মাঠে জনসমাবেশ করবে— এমন ঘোষণা আগেই দিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে সেটি বাতিল করা হয়েছে।
Leave a Reply