হরমুজ প্রণালীতে আটকে থাকা বিভিন্ন দেশের জাহাজ নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রবিবার সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান।
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার (৪ মে) সকাল থেকেই শুরু হয় এ কার্যক্রম। অপরাধের সাথে যুক্ত নয়, – এমন সব দেশ ও কোম্পানির জাহাজ চলাচলে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি এই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলার হুমকি দিয়েছেন তিনি। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোন ধরনের পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
রবিবার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজি লেখেন, ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না। তাঁর মতে, এই অঞ্চল বাগাড়ম্বর করার জায়গা নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
Leave a Reply