গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৪ শিশু ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৭৪ শিশুসহ বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৪৪ শিশু।
এ পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। এর মধ্যে নগরীর ৭১ জন এবং বিভিন্ন উপজেলার ৪৪ জন।
এদিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বাড়ি কক্সাবাজার জেলায়।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮ জন শিশু।
অন্যদিকে, গতকাল ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে নতুন করে আরও ৩৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট ৯০০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে সারাদেশের মতো চট্টগ্রামেরও ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলছে। এই কার্যক্রম সোমবার (১১ মে) বিকেল পর্যন্ত চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Leave a Reply