সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়াকে ‘গুরুতর আদালত অবমাননা’ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মুহাম্মদ শিশির মনির বলেন, “সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এ অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননার শামিল। আমরা আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব।”
এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের পূর্বের পদ এবং নতুন সংযুক্তির পদ উল্লেখ করা হয়েছে।
Leave a Reply