গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির এই নাম রাখা হয়েছিলো। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মাধ্যমে এই মহিষের খবর ছড়িয়ে পরায় বিষয়টি ইরানেরও নজর কেড়েছে।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’
ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদন যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর উৎসুক মানুষের ভিড়ের কারণে মহিষটি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত এক তারকায় পরিণত হওয়া তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় যে লেগেই আছে সে খবরও জানিয়েছে টেলিগ্রাফ। আর এই মহিষের ছবিও প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। এছাড়া রয়টার্স, ফ্রান্স টোয়েন্টি ফোরসহ আরও বিভিন্ন সংবাদমাধ্যমে এই মহিষের খবর প্রকাশিত হয়েছে।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন মৃধা জানান, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে তার খামারে থাকা ৭০০ কেজি ওজনের মহিষটির এমন অদ্ভুত নামের পেছনে রয়েছে এটির মাথার চুল। তিনি বলেন, মহিষটির অসাধারণ চুলের স্টাইল দেখেই আমার ছোট ভাই এই নাম রেখেছে।
মৃধা আরও বলেন, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে তার খামারে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, আশপাশের মানুষ ও শিশুরা ভিড় করছেন ইন্টারনেটে ভাইরাল হওয়া এ মহিষকে এক নজর দেখতে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
Leave a Reply