চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।
রবিবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় কিছুটা কমেছে।
তবে সার্বিকভাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। অর্থবছরের শুরু থেকে ৬ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে। এর আগের মাস এপ্রিলেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী; ওই মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এ ছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এর আগে ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বর মাসে প্রবাসীরা যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠান। অন্যদিকে আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।
Leave a Reply