বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু গণতন্ত্রে বিশ্বাস করতেন না, তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন। তার মতে, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছিন্নভিন্ন রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে জিয়াউর রহমান দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
শনিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, একটি শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয়—এই উপলব্ধি থেকেই জিয়াউর রহমান বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও অর্থনৈতিক সংকটের পর আন্তর্জাতিক অঙ্গনে ‘বাস্কেট কেস’ হিসেবে পরিচিত বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি শুধু অর্থনীতির উন্নয়নেই নয়, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও কাজ করেন। গ্রাম থেকে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মিশে তিনি তাদের আস্থা অর্জন করেছিলেন।
বিএনপির মহাসচিব জানান, কৃষি গবেষণা, শিল্পায়ন, সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষা খাতের বিকাশে জিয়াউর রহমানের অবদান রয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পের ভিত্তি গঠনে তাঁর ভূমিকা দেশের অর্থনীতিকে নতুন দিশা দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতেও তিনি সফল হন।
তিনি বলেন, জিয়াউর রহমানের সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর সততা ও জনসম্পৃক্ততা। সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তিনি অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলেছিলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তবে ইতিহাস তাঁকে যথাযথ মর্যাদায় মূল্যায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সংবাদমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। অনেক ক্ষেত্রে গণমাধ্যম তার স্বাধীন চরিত্র হারিয়ে ব্যবসায়িক প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে। তিনি সাংবাদিকদের স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।
Leave a Reply