পিটার হাসের মুরব্বিদের সাথে কথা হয়ে গেছে, কোনো খেলা আর খেলতে দেয়া হবে না-বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মার্কিন রাষ্ট্রদূত যে ক্ষমতার স্বপ্ন দেখান, তা দেখে কোনো লাভ নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের লাশ নিয়ে টানাটানি করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সেই তত্ত্বাবধায়কের লাশ এখন আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন নেতাকর্মীরা।
সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল, দুপুর, বিকালে পিটার হাসের কাছে যান। মার্কিন রাষ্ট্রদূত তাকে ক্ষমতার স্বপ্ন দেখান। সেই স্বপ্ন দেখে কোন লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের কথা বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও।
সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, দেশের তাবৎ সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করার ষড়যন্ত্র করছে বিএনপি। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই তৎপর বিএনপি।
আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের রাজনীতির মাঠে কোয়ার্টার ফাইনাল চলছে, সামনে সেমি ফাইনাল। আর ফাইনাল হবে জানুয়ারিতে। বিএনপি খেলায় ফাউল করলে, লাল কার্ড খাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply