যুদ্ধ পরিস্থিতি নিরসন এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে সুইজারল্যান্ডে নতুন দফার আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। উচ্চপর্যায়ের এ বৈঠকে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এছাড়া আয়োজক দেশ সুইজারল্যান্ডের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। রবিবার (২১ জুন) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ। প্রতিনিধি দলে আরও রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এদিকে বৈঠক শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বলে জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, চলমান সংকট নিরসন এবং সম্ভাব্য সমঝোতার পথ খুঁজে বের করতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply