ইরান জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো বৈঠক হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ-সংক্রান্ত দাবিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। সোমবার (২৯ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করতে কাতারের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে। এ উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল দোহায় পাঠানো হয়েছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ওই প্রতিনিধিদলের সঙ্গে কোনো মার্কিন প্রতিনিধিদলের বৈঠক বা যোগাযোগের বিষয় নেই। তার ভাষ্য, সমঝোতা স্মারকের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জব্দ করা সম্পদ ফেরত পাওয়ার বিষয়টি পর্যালোচনার জন্যই এই প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের অনুরোধে মঙ্গলবার কাতারে দুই দেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্পের এ বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, আগামী দিনগুলোতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের।
এদিকে যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক ও ভিত্তিহীন হুমকির’ তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে চলে, তাহলে তেহরানও তার আওতায় থাকা সব দায়বদ্ধতা পূরণ করবে।
অন্যদিকে, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Leave a Reply