ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বর্তমানে ইরানে অবস্থান করছেন।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে খামেনির ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানানো হয় এবং ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং জাতীয় শোকের এই সময়ে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বন্ধনের বিষয়ও উঠে আসে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক সইয়ের ক্ষেত্রে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার।
তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি চলমান শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।
এ সময় গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান স্পিকার। খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান তিনি।
Leave a Reply