হামাস প্রায় দুই দশক পর গাজা উপত্যকার শাসনভার থেকে সরে দাঁড়ানোর পথে বড় পদক্ষেপ নিয়েছে। সোমবার (৬ জুলাই) সংগঠনটি গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকারী নিজস্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে, যা নতুন একটি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম করবে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ’র কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হামাস এই কমিটির মাধ্যমে উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, কমিটি বিলুপ্তির মাধ্যমে একটি জাতীয় ঐকমত্যভিত্তিক টেকনোক্র্যাট কমিটির হাতে বেসামরিক প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। তবে সংগঠনটির সামরিক শাখা বা নিরস্ত্রীকরণের প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করা হবে।
সংগঠনটির আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক উপদলের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অন্যান্য উপদল হামাসের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনের জন্য এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে।
এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী সাথ-এর নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ আরও উন্মুক্ত হলো।
Leave a Reply