রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সরকারি কর্মঘণ্টায় অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
অভিযান চলাকালে নরসিংদীর বেলাবো উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে রোগী দেখার সময় হাতেনাতে আটক করেন তিনি।
জানা যায়, সরকারি অফিস চলাকালে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিকে চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে এ অনিয়ম করে আসছিলেন।
এ ঘটনায় চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে এ অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
Leave a Reply