পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটছে- মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতার অভিযোগ- বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানীসহ অনেক ভুক্তভোগীর স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এ যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, মহড়া দিতে হয়। এরা যেন ২৪-কে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। ২০২৪ সালের পর আশা করেছিলাম, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের ‘পঙ্কিলতা, ময়লা ও আবর্জনা’ পরিষ্কার হবে। কিন্তু তা হয়নি; বরং আবর্জনার পরিমাণ আরও বেড়েছে।
জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদ একটা সংক্রামক ব্যাধি। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার ওপরই ভর করবে, সেই ফ্যাসিবাদী। আমরা দেখতে পাচ্ছি, ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদীদের রাস্তা, এই রাস্তা আয়নাঘরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। বাংলাদেশের মানুষ কাউকে ওই পথে চলতে দেবে না।
সেমিনারে অন্য বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতা নেয়ার পর থেকেই সুর পরিবর্তন করেছে। জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে অভিযোগ তাদের।
Leave a Reply