উন্নয়নের নামে জলাশয় ভরাট, নদী প্রবাহ বন্ধ গর্হিত কাজ বলে উল্লেখ করে উন্নয়নের নামে নদী ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) সকালে, কমিউনিটি আই সেন্টার’ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গণভবন থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ টি উন্নয়ন প্রকল্প ও চতুর্থ ধাপে আরো ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের নানা উন্নয়নের কথা জানিয়ে বলেন, দেশ থেকে অন্ধত্ব দূর করতে পদক্ষেপ নেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধে বিএনপি-জামায়াতের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, গত ১৪ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন করতে গিয়ে নদীর গতি পথ, খাল ও জলাশয় বন্ধ করে কোনো স্থাপনা বা প্রকল্প নির্মাণ না করতে নির্দেশ দেন। বলেন, পানি সম্পদ রক্ষার পাশাপাশি নদীকে সচল রাখতে উদ্যোগ নিতে হবে। অভিযোগ করেন, বিএনপি কিংবা জিয়া কোন সরকারই নদী দূষণ বন্ধে পদক্ষেপ নেয়নি।
পানি, বিদ্যুৎ ব্যবহারে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পরে উপকারভোগী, দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন।
Leave a Reply