ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের গড়ে তোলা অনুমোদনহীন ছোট বসতিগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর মধ্যেই গাজা শহরের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় ৬ বছরের এক শিশুসহ আরও দুজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নেতানিয়াহু এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ইসরাইল সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন না নিয়েই বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে যেসব ছোট বসতি গড়ে তুলেছেন, সেগুলোর ক্ষেত্রেই এ নির্দেশ প্রযোজ্য হবে।
তবে পশ্চিম তীরের পাশাপাশি গাজায়ও ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি ও তার ৮ বছর বয়সী মেয়ে নিহত হন।
এ ছাড়া গাজার পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের তুফাহ এলাকার সানাফুর জংশনের কাছে তিনটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এদিকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে ইসরাইলের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
নেতানিয়াহুর নতুন নির্দেশনা অনুমোদনহীন বসতি স্থাপনকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে গাজায় চলমান হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ কতটা ফলপ্রসূ হয়, তা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
Leave a Reply