জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার। দেশে এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
বৈঠকে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ এবং বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখা এবং বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা।
বৈঠকে জানানো হয়, শুধু এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতের বাড়তি চাহিদা পূরণে ল্যান্ডবেজ এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদে শিল্প খাতে গ্যাসের সরবরাহ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এ ছাড়া শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
তবে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়, বৈঠকে এই বাস্তবতাও উঠে আসে। জ্বালানি খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে ধাপে ধাপে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply