1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’ নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর? রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজি-মাছ-মুরগির দাম শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: রিজভী জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি মাইক্রোসফটের একাধিক সেবায় বৈশ্বিক বিভ্রাট, ভোগান্তিতে ৭৪ দেশের গ্রাহক বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

১৫০ বছরের রেকর্ড ভেঙে মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ সিনেটরের উত্থান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

দীর্ঘ ১৫০ বছরের ইতিহাস ভেঙে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্য থেকে আবারও সিনেটর নির্বাচিত হয়েছেন একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। প্রায় দেড় শতাব্দী পর তার এই জয় মিসিসিপির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের জন্যও এটি বড় চমক।

নির্বাচনে ৪৩ বছর বয়সী কলমের সঙ্গে হাইড-স্মিথের ভোটের ব্যবধান ছিল পাঁচ হাজারেরও কম। প্রায় ১০ লাখ ভোট গণনার পর কলম পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। অন্যদিকে হাইড-স্মিথ পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় পরাজয় মেনে নিয়ে কলমকে অভিনন্দন জানান হাইড-স্মিথ। তিনি বলেন, ‘আমরা যে ফলাফলের জন্য কাজ করেছি বা আশা করেছিলাম, এটি তা নয়। তবে মিসিসিপির ভোটারদের সিদ্ধান্তকে আমি সম্মান করি।’ একই সঙ্গে কলমের সাফল্য কামনা করেন তিনি।

জয়ের পর টুগালু কলেজ ক্যাম্পাসে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন কলম। এ সময় শত শত উচ্ছ্বসিত সমর্থক তাকে অভিনন্দন জানান। গত ৪ নভেম্বর ভোট গ্রহণের পর কয়েক দিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকা সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।

কলম বলেন, ‘তারা বিশ্বাসই করেননি, এমন একটি মুহূর্ত আসতে পারে। কিন্তু আমি বিশ্বাস ধরে রেখেছিলাম।’

নিজের একক কৃতিত্বের পরিবর্তে সবাইকে এই জয়ের অংশীদার উল্লেখ করে তিনি বলেন, ‘এটি শুধু আমার অর্জন নয়। এটি আমাদের সবার অর্জন। মিসিসিপিতে স্থানীয় মানুষেরাই পরিবর্তন আনেন।’

কলমের জয়ের খবর ছড়িয়ে পড়ার পর অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) কার্যালয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত কয়েক ডজন মানুষ করতালি ও স্লোগানে তাঁকে অভিনন্দন জানান।

সংগঠনটির বোর্ড চেয়ারম্যান লিওন রাসেল বলেন, ‘এটি অসাধারণ একটি ফলাফল।’ তিনি আরও বলেন, এই জয়ের পেছনে বিশেষ করে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। প্রচারণায় অর্থের পরিমাণ খুব বেশি না থাকলেও ব্যাপক সংগঠিত প্রচেষ্টা ছিল।

এনএএসিপির কার্যালয়ে উপস্থিত অ্যাম্বার থমাস বলেন, ‘আপনি লড়াই করলে জয়ী হবেন।’ এই মুহূর্তে তিনি আনন্দে আপ্লুত বলেও জানান।

মিসিসিপি থেকে সর্বশেষ কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাঞ্চ ব্রুস। ১৮৭৪ সালে নির্বাচিত হয়ে তিনি ১৮৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর প্রায় দেড় শতাব্দী পেরিয়ে গেলেও অঙ্গরাজ্যটি থেকে আর কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হননি। স্কট কলমের জয় সেই দীর্ঘ বিরতির অবসান ঘটাল।

নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান ভোটারদেরও কাছে টানার চেষ্টা করেন কলম। এমনকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে গিয়ে বাইরে অপেক্ষমাণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

নির্বাচনে তার প্রচারণার আরেকটি আলোচিত ঘটনা ছিল গরুর মাংসের বাড়তি দাম নিয়ে হাইড-স্মিথের একটি মন্তব্য। এক ভোটার মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিকল্প প্রোটিন বেছে নেওয়ার পরামর্শ দেন। পরে সেই মন্তব্যকে কেন্দ্র করে ভাইরাল বিজ্ঞাপন তৈরি করে প্রচারণায় ব্যবহার করেন কলম।

নির্বাচনের আগে এত হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা খুব একটা দেখা যায়নি। কারণ, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিসিসিপিতে ডোনাল্ড ট্রাম্প ২২ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তা ছাড়া অঙ্গরাজ্যটি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগিয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস ও আইওয়ার মতো রিপাবলিকান-অধ্যুষিত অঙ্গরাজ্যেও সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে দলটি।

নির্বাচনী জরিপ ও ভোটারদের মতামত বিশ্লেষণে অর্থনৈতিক অসন্তোষ এবং ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভকে ডেমোক্র্যাটদের সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বলে ভোটারদের একটি অংশ মনে করছেন।

এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রচারণা চালান স্থানীয় কৌঁসুলি হিসেবে পরিচিত কলম। ট্রাম্পের শুল্কনীতির প্রতি হাইড-স্মিথের সমর্থনকে প্রচারণার অন্যতম ইস্যু করেন তিনি। প্রতিদ্বন্দ্বীকে ‘সিন্ডি হাই প্রাইসেস’ বা ‘সিন্ডি উচ্চমূল্য’ নামে কটাক্ষও করেন।

পুরো মিসিসিপি অঙ্গরাজ্যের ৮২টি কাউন্টি সফর করে জোরালো প্রচারণা চালান কলম। অন্যদিকে হাইড-স্মিথের প্রচারণা শিবির কলমকে ধনকুবের উদারপন্থী দাতা জর্জ সোরোসের পুতুল হিসেবে তুলে ধরার চেষ্টা করে। সোরোসের পরিবার কলমের রাজনৈতিক প্রচারণায় অর্থায়ন করেছে বলে অভিযোগ তোলে তারা।

এ ছাড়া ৬৭ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী হাইড-স্মিথের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় জনসমক্ষে কম উপস্থিত থাকার সমালোচনাও ছিল।

সব মিলিয়ে মিসিসিপিতে কলমের জয় শুধু ডেমোক্র্যাটদের জন্য বড় রাজনৈতিক সাফল্য নয়, বরং অঙ্গরাজ্যটির রাজনৈতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park