জাতীয় সংসদ নির্বাচনের তফশিল হবে নভেম্বরের মাঝামাঝি বা এর আগে, নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ আয়োজিত আলোচনাসভায় মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যথাসময়ে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার না হলে ভোটে না আসার বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান বহাল রেখেই নির্বাচন হবে। পছন্দ না হলে কারও জন্য আটকে থাকবে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিবে। মিস করলে পিছিয়ে পড়বেন।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন-সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি। এসব করে লাভ হবে না। তাদের (বিএনপি) খায়েশ পূরণ হবে না। তিনি বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ বা দখল করে এবং আগের মতো বাস, মানুষ পুড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। সেটা আমরা হতে দেব না। এই সংবিধান বহাল রেখে নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না।
সেতুমন্ত্রী বলেন, সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে, আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নেই, সেটা দাবি করছে বিএনপি। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না। কেউ আসুক আর না আসুক, তার জন্য অপেক্ষা করা হবে না।
Leave a Reply