টানা বর্বর হামলার চার সপ্তাহের মাথায় গাজা শহর ঘিরে ফেলে হামাস নির্মূলে চরম অভিযানের হুমকি দিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি সেনাদের ব্যাগে ভরে ফেরত পাঠানোর পাল্টা হুমকি দিয়েছে হামাস। এমন অবস্থায় সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে ইসরায়েলের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্র। বর্বর হামলায় এপর্যন্ত নিহত হয়েছে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলের সেনা সদর জানিয়েছে, গাজা সিটি ঘেরাও করে সামনের দিকে এগুচ্ছে সেনারা। এর সমর্থনে গাজার উত্তর সীমান্তের ভেতরে ব্যাপক স্থল অভিযানের ছবিও প্রকাশ করা হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যেই বিভিন্ন টানেল থেকে চোরাগুপ্তা হামলায় পাল্টা প্রতিরোধ অব্যাহত রেখেছে হামাস। প্রকাশ হয়েছে এধরনের হামলার একাধিক ভিডিও।
এতে এক সপ্তাহে অন্তত ২৩ সেনা সদস্য নিহতের তথ্যও স্বীকার করেছে ইসরাইল। গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন, হেবরন, রামাল্লাসহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। হত্যা করা হয়েছে অন্তত ৯ জনকে।
এমন অবস্থায় এক মাসে দ্বিতীয় দফায় তেল আবিব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এবার মানবিক সাহায্যের স্বার্থে নিত্যপণ্য গাজায় ঢুকতে দিতে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউজ এবিষয়ে আগাম বার্তা দেয়ায় আগেভাগেই এমন অনুরোধ প্রত্যাখানের ইঙ্গিত দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এবারের সফরে নেতানিয়াহু ছাড়াও প্রেসিডেন্ট, যুদ্ধকালিন বিশেষ মন্ত্রিসভা ও প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের সাথে বৈঠক শেষে শনিবার যাবেন জর্ডানে।
Leave a Reply