আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। ফলে ধাতুটির দরপতন ঘটেছে। এ নিয়ে টানা দুই দিন সোনার মূল্য হ্রাস পেলো। শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নাসডাক এক প্রতিবেদনে জানায়, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ফেডারেল রিজার্ভ। এর আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে আপাতত সোনায় বিনিয়োগ কমিয়েছেন তারা।
শুক্রবার (২১ জুলাই) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৯৬০ ডলার ৩৬ সেন্টে। আগের কার্যদিবসে তা ছিলো ১ হাজার ৯৬৯ ডলার।
একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৬২ ডলার ২০ সেন্টে। আগের দিন যা ছিলো ১ হাজার ৯৭২ ডলার ১০ সেন্ট।
এরই মধ্যে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স
Leave a Reply