সময়সীমা ঠিক রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছালে আপত্তি করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো ইচ্ছায় নির্বাচন হবে না, আর কেউ নিষেধাজ্ঞার ভয় দেখালে আওয়ামী তা তোয়াক্কা করে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের।
বুধবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নেয়া পদক্ষেপ প্রশংসনীয়। তিনি প্রশ্ন রাখেন, বিশ্বে কোথায় শতভাগ নিখুঁত গণতন্ত্র আছে? একতরফা নির্বাচনের অভিযোগ আবারও নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কাদের আরও বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে। নির্বাচন আমাদের দেশের, বাইরে কে নিষেধাজ্ঞা দিবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নিষেধাজ্ঞা কেন দেবে কারণটা কী? কারো ইচ্ছায় আমাদের নির্বাচন হবে না। বিএনপি নির্বাচনে আসবেনা, প্রতিহত করবে। নির্বাচনে যারা বাধা দিচ্ছে, চোরাগুপ্তা হামলা করছে সেখানে নিষেধাজ্ঞা কোথায়? নিষেধাজ্ঞা তাদের জন্য যারা নির্বাচনে বাধা দেবে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের। সময়সীমা ঠিক রেখে তারা কোন পুনঃতফসিল করলে আওয়ামী লীগের কোন আপত্তি নেই। রাজনীতিতে যে সমীকরণ তা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখা যাবে।
Leave a Reply