তীব্র বজ্রঝড়ে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। বড়দিনের ছুটিতে বজ্রঝড়ের ওই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৯০ হাজারেরও বেশি পরিবার। মূলত গত ২৫ এবং ২৬ ডিসেম্বর ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ব্যাপক শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বহু বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কিছু এলাকায় গাছও ভেঙে পড়েছে। এছাড়া ৯০ হাজারের বেশি পরিবার এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল সাংবাদিকদের জানিয়েছেন, ঝড়ের সময় মোরেটন বে-তে গ্রিন আইল্যান্ডের কাছে ১১ জন যাত্রী নিয়ে একটি ইয়ট ডুবে যায়। তাদের মধ্যে তিনজন মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তরে জিমপি শহরের কাছে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন। এছাড়া ব্রিসবেনের দক্ষিণে ঝড়ের মধ্যে পানিতে নিখোঁজ হওয়ার পর নয় বছর বয়সী এক মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বন্যার পানি কমে যাওয়ার পর ভিক্টোরিয়ার একটি ক্যাম্পগ্রাউন্ডে একজন নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। চলমান এই দুর্যোগপূর্ণ পরিবেশ কেটে গিয়ে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি দেখা দিতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো। সূত্র: রয়টার্স
Leave a Reply