বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল জামিন শুনানি হবে। গ্রেফতার ও জামিন শুনানির জন্য মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
তাকে বহন করা গাড়িটি আদালত চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা ফখরুলের জামিন চেয়ে মিছিল করেন। গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের গ্রেফতার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
Leave a Reply