বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট এ বার্তা পাঠিয়েছেন।
বার্তায় শি জিনপিং উল্লেখ করেছেন “চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে, একে অপরের সাথে সমান আচরণ করেছে , পারস্পরিক সুবিধা অর্জন করেছে এবং জয়লাভ করেছে।
চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। আগামীতে দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রয়েছে। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে ১১ আসনে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ আসনে জয় পেয়েছেন। ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টিতে।
গতকাল নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। আর আজ নতুন সংসদের মন্ত্রীসভা গঠন হবে, মন্ত্রীরা শপথ নেবেন গণভবনে।
Leave a Reply