ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সঙ্গে শিল্পভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সোমবার (১৫ জানুয়ারি) শিল্প ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি শিল্প মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সকল উদ্যোগের সঙ্গে সর্বাত্মক পাশে থাকার আশ্বাস দেন। তিনি পণ্যের মেধাসত্ত্ব (আইপিআর), উৎপাদনশীলতা এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির উপর কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসিসিআই সভাপতি, নতুন নতুন শিল্পের কার্যক্রম সম্প্রসারণে সরকারের পক্ষ হতে রপ্তানি প্রণোদনা এবং কাস্টমস্ বন্ড প্রভৃতির মতো আর্থিক সহযোগিতা প্রদানে আহ্বান জানান। দেশে বিসিক শিল্পাঞ্চলের আরও সম্প্রসারণ সার্বিক শিল্পায়নের গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিদ্যমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার বিষয়টি মোকাবেলায় আমাদের আভ্যন্তরীণ সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকল্পে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি যথাযথ বাস্তবায়ন একান্ত অপরিহার্য। সারাদেশে বিসিক-এর অব্যবহৃত প্লটসমূহে শিল্পকারাখানা স্থাপন ও বিনিয়োগে এগিয়ে আসার জন্য তিনি বিশেষকরে এসএমই উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এবং শিল্প মন্ত্রণালয় হতে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
দেশের এসএমই উদ্যোক্তাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এখাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ, নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
শিল্পমন্ত্রী আগামী রমজানে বিশেষকরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের নিকট থেকে সহযোগিতার আহ্বান জানান।
ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী, শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল আলম এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply