ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যার ঘটনাকে ভয়াবহ ঘৃণ্য কর্মকাণ্ড উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ইরান বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে পাকিস্তানে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গুলিতে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন ইরানে নিযুক্ত পাকিস্তানের কনসাল জেনারেল জাহেদান। দ্রুততম সময়ে তদন্তের ভিত্তিতে দোষীদের গ্রেফতার ও শাস্তির মুখোমুখি করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
কাপুরুষোচিত এই হামলার মাধ্যমে সন্ত্রাসবিরোধী অভিযান থেকে পাকিস্তানকে থামানো যাবে না বলেও সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুলিতে হতাহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেন হতাহতের স্বজন ও বিক্ষুব্ধরা। নিহত ৯ শ্রমিক পাকিস্তানের পাঞ্জাবের অধিবাসী।
ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার সকালে সারাভান শহরের সিরকান এলাকায় তিনজন বন্দুকধারী বাসার ভেতরে ঢুকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৬ ও ১৮ জানুয়ারি পাল্টাপাল্টি হামলায় ৯ জন নিহতের জেরে পাকিস্তান ও ইরানের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে চীনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
Leave a Reply