রাষ্ট্রের গোপন নথি ফাঁসের-সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই শীর্ষ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকেও একই মেয়াদে সাজা দেয়া হয়েছে।
দেশটির পার্লামেন্ট নির্বাচনের মাত্র আটদিন আগে এই রায় দিলো বিশেষ আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসা আদালত থেকে রায় ঘোষণা করেন বিচারপতি আবুল হাসনাত জুলকারনাইন। গতবছর বিশেষ আদালতে শুরু হওয়া এই মামলার শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন ইমরান ও কোরেশি। রায় ঘোষণার আগেরদিনও শুনানিতে উপস্থিত করা হলে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন তারা।
যদিও এরআগে ইমরান ও কোরেশির বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিলো ইসলামাবাদ হাইকোর্ট। তারপরই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর আওতায় এই বিশেষ আদালত গঠিত হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতা থেকে উচ্ছেদের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ দিতে রাষ্ট্রীয় তারবার্তা ফাঁস করতে চেয়েছিলেন তারা। ইমরান খানের বিরুদ্ধে তোষাখানাসহ একাধিক মামলা চলছে। গত বছরের মে মাসে গ্রেফতারের পর থেকে জেলেই আছেন ইমরান। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
Leave a Reply