বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো। আজ ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়াটা আওয়ামী দুঃশাসনের কোনো ব্যতিক্রমী ঘটনা বলে কারো মনে হয়নি। বিচার বিভাগের দলীয় করণের এটা আর একটি নিকৃষ্ট নজীর।
বুধবার (২ আগস্ট) বিকালে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলায় অবৈধ সম্পদ বাজেয়াপ্ত পাশাপাশি দুইজনকে যথাক্রমে ৩ কোটি ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে সাজা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিএনপি।
বুধবার (২ আগস্ট) তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘিরে কাল থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ ছিল উত্তপ্ত। একদিকে বিএনপি-আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ, হট্টগোল। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর তৎপরতা।
মহাসচিব বলেন আরও বলেন, বিরোধী দলের প্রধান নেতাদের নির্মূল করতে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়, সেই নীলনকশা ধরেই সরকারপ্রধান এগিয়ে যাচ্ছেন। রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখা আওয়ামী সরকার তাদের কোন প্রতিপক্ষ রাখতে চায় না। সরকারপ্রধান নিজেকে অপ্রতিদ্বন্দ্বি রাখতে চান। সেজন্য আইন আদালত ও প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষকে নির্মূল করতে বদ্ধপরিকর হয়েছেন। আজ এই ফরমায়েসী রায় দেয়ার ঘটনা দেশকে গণতন্ত্র শুন্য করার ধারাবাহিক চক্রান্তের অংশ।
মির্জা ফখরুল তারেক রহমান এবং তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০৭ সালে ৪ কোটি ৮২ লাখ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের অভিযোগে মামলা করলেও চার্জশিটে ২ কোটি ৭৪ লাখ টাকা অবৈধ সম্পদের প্রমাণ পায় দুদক। বুধবার (২ আগস্ট) দুপুর ৩টা ২২ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। এতে তারেক রহমানকে পৃথক দুই ধারায় ৯ বছর ও জোবাইদা রহমানকে ৩ বছরের সাজা দেন।
বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, সরকার কর্তৃক নির্দেশিত হয়ে ফরমায়েশী রায় দিয়েছেন আদালত। এর আগে পৃথক চার মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ হয়েছে। তবে, জোবাইদা রহমানের এটাই প্রথম কোনো মামলার রায়ে সাজা হলো।
Leave a Reply