বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী।
ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে লাল কেল্লায় দেওয়া ভাষণে এই আহ্বান জানান মোদি।
তিনি দাবি করেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে চলমান ঘটনাবলী নিয়ে উদ্বেগ যৌক্তিক। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে যাওয়ার পর সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগে দৃষ্টি আকর্ষণ করেন মোদি। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আশা করছেন খুব দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে শান্তি ফিরবে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের অঙ্গীকার করেছেন তিনি।
তিনি বলেছেন, মানবজাতির বিকাশযাত্রায় বিশ্বাস করায় ভারত বরাবরই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির শুভাকাঙ্খী। প্রধানমন্ত্রী হিসেবে লাল কেল্লায় এনিয়ে টানা ১১ বার ভাষণ দিলেন মোদি। ভাষণের আগে বর্ণাঢ্য আয়োজনের নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি।
শ্রদ্ধা জানান, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে। তার ভাষণ আর ছয় হাজারের বেশি দেশি-বিদেশি অতিথির সুরক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
Leave a Reply