প্রতিরক্ষা সহযোগিতার নামে তৃতীয় কোনো দেশকে লক্ষ্যবস্তু করা বা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট না করতে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র জং শাওগং বলেন, যুক্তরাষ্ট্র ও জাপান জল ঘোলা করে দক্ষিণ চীন সাগরে বিবাদ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এ প্রচেষ্টায় ফিলিপাইনকেও দলে ভিড়িয়েছে তারা। এর মধ্য দিয়ে ফিলিপাইন নিজের ঘরে নেকড়ের দলকে আমন্ত্রণ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র ও জাপানের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তারা। এই অঞ্চলের শান্তিপ্রিয় দেশগুলো এর তীব্র নিন্দা জানায়।
সম্প্রতি চীনের কোস্ট গার্ড ও জলপথের দুর্বৃত্তদের মোকাবেলার নামে ফিলিপাইনকে ৫শ মিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে জাপান ও ফিলিপাইনের সঙ্গে যৌথ সামরিক মহড়ারও ঘোষণা দিয়েছে তারা। এ ধরনের তৎপরতায় ব্যাপক ক্ষুব্ধ বেইজিং।
ফিলিপাইনের ইকোনোমিক জোনে ওই মহড়ার আয়োজন করা হবে। ওই এলাকা সংলগ্ন নানহাই যুদাও ও আশপাশের জলসীমায় চীনের সার্বভৌমত্ব নিয়ে বিতর্কের অবকাশ নেই উল্লেখ করে মুখপাত্র বলেন, নিজেদের অধিকার রক্ষায় বেইজিং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। যে কোনো উস্কানি বা সার্বভৌমত্ব লঙ্ঘনের অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা ও জলসীমার অধিকার রক্ষায় আইন অনুসারেই পাল্টা পদক্ষেপ নেবে বেইজিং।
সংবাদ সম্মেলনে নিজেদের মঙ্গলের স্বার্থেই ফিলিপাইনকে যুক্তরাষ্ট্র ও জাপানের কাছ থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Leave a Reply