যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলার সাজা ঘোষণা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান এই স্থগিতাদেশ দেন।
এর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে সাজা ঘোষণার তারিখ পেছানোর জন্য আবেদন করেছিলেন। বিচারক জুয়ান মার্চান জানান, সাজা ঘোষণার দিন ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর করা হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থীতা বিবেচনা করে নতুন তারিখটি বেছে নেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়া আসন্ন নির্বাচনে প্রার্থীর ওপর যেন কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে তাই এই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘুষের তথ্য গোপনের মামলায় মে মাসে দোষী সাব্যস্ত হন।
মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
Leave a Reply