বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে আন্দোলনে হাজারো সমর্থক। বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ঘটছে সংঘর্ষ। বিক্ষোভের কারণে ইমরান খান ও দলটির নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। তাতেও দমিয়ে রাখা যাচ্ছে না বিক্ষোভকারীদের।
দাবি একটাই, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি। আর এ দাবিতেই পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সমর্থকরা। রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। তাদের ঠেকাতে রাজপথে মোতায়েন করা হয়েছে পুলিশ। টিয়ার শেল ছোড়ে ছত্রভঙ্গ করা হচ্ছে আন্দোলনকারীদের। কোথাও কোথাও সংঘর্ষ চলছে। চলছে ধরপাকড়ও। তাতেও অটল ইমরান সমর্থকরা।
সোমবার (৭ অক্টোবর) এক বৈঠকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় পিটিআই নেতারা। তারা বলেন, ইমরান খানের নির্দেশে দলের সব সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে। নেতা-কর্মীদের অভিযোগ শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ। নেতা-কর্মীদের আটক করে ইমরানের মুক্তি ঠেকিয়ে রাখা যাবে না। পিটিআই সমর্থকরা ইমরানের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
সরকার পক্ষের অভিযোগ, বিক্ষোভের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পিটিআই সমর্থকরা। তাদের কাছে ভারী অস্ত্র পাওয়ার অভিযোগও তোলে পুলিশ। এরইমধ্যে ইসলামাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাকিস্তানি নাগরিকের পাশাপাশি আফগান নাগরিকও রয়েছে। যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই।
এদিকে, ইসলামাবাদে বিক্ষোভের কারণে ইমরান খান ও দলটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে এসব মামলা করা হয়। পুলিশ দাবি করছে, কারাগারে থেকেই দলের নেতা-কর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিচ্ছেন ইমরান খান । সূত্র: দ্য ডন
Leave a Reply