টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে চরম উদ্বিগ্নতায় আছে শহরবাসী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
রবিবার (২৩ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন এবং মধুপুর উপজেলায় ১ জন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অন্যান্য রোগীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন।
Leave a Reply