চট্টগ্রামের সীতাকুন্ডে অভিযান চালিয়ে ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করেছে র্যাব। এসময় চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ আগস্ট) রাতে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার থানাধীন সোনাইমুড়ি ফকিরহাট এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব।
অভিযানে ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দসহ চার চোরাচালানীকে আটক করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে আসছিলো।
Leave a Reply