মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনই মেক্সিকান ও একজন ভেনেজুয়েলার নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলো এবং মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।
পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে একটি ট্রেলারের সাথে বাসটির সংঘর্ষ হয় এবং এতে ১৬ জন নিহত হন। এছাড়া আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইএনএম এর তথ্য অনুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স
Leave a Reply