বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরানো ইস্যুতে এজলাসে হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে করা আদালত অবমাননার শুনানি আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ আগস্ট) সকালে প্রধানবিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতি এই দিন ধার্য করেন।
এসময় প্রধান বিচারপতি বলেন, সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর আপিল বিভাগে এই শুনানির অনুষ্ঠিত হবে। এদিকে, আদালত অবমাননার শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।
এই ৭ আইনজীবী নেতা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য ফেসবুক, ইউটিউব থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই রিটের শুনানিতে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এরপর মঙ্গলবার (২৯ আগস্ট) এ অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
Leave a Reply