আগামী নির্বাচনে আবারো মনোনয়ন পাচ্ছেন-ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের এমন বক্তব্যে অন্যরকম পরিস্থিতি ঢাকা-১৯ নির্বাচনী আসনে। হাল ছাড়ছেন না মনোনয়ন প্রত্যাশী বাকিরাও। ভোটার ও রাজনৈতিক মহলে এ নিয়ে নানা হিসাব-নিকাশ।
রাজধানীর উপকণ্ঠ সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ সংসদীয় আসন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত আসনটিতে এখন চালকের আসনে আওয়ামী লীগ। চলছে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সভা-সমাবেশসহ শোডাউন।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাবেন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সঙ্গে সাভার ও আশুলিয়া দুই এলাকার ভোটার সংখ্যার হিসাব-নিকাশ। ২০১৪ সালে নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এনামুর রহমান। সামনেও নিজেকে অপ্রতিদ্বন্দ্বি মনে করেন তিনি। তার দাবি- প্রধানমন্ত্রী তাকে আবারো ভোট চাইতে বলেছেন।
তার এমন বক্তব্যে নড়েচড়ে বসেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্যরা। চালাচ্ছেন চেষ্টা-তদবির। মনোনয়নের ব্যাপারে আশাবাদী সবাই। ভোটার সংখ্যায় সাভার থেকে এগিয়ে আশুলিয়া- এ যুক্তিতে এবার আশুলিয়ার নেতাদেরও মূল্যায়নের দাবি তাদের।
আশুলিয়া-সাভার মেলানো আসনটির ভোটের অংকে বেশ তফাৎ। ৩ ভাগের ২ ভাগ ভোটই আশুলিয়ার। বাকি একভাগ পৌরসভা এবং সাভারের ৩টি ইউনিয়ন মিলিয়ে। ২০১৩ সালের রানা প্লাজা ভবন ধসের পর নানা বিতর্কের কারণে মুরাদ জংকে বাদ দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় ডা. এনামুর রহমান এনামকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।
Leave a Reply