টেলিভিশনে নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন বলে জানান তিনি। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে। তার স্থলাভিষিক্ত হবেন তার বড় ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডিরিক। ইউরো তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রানি।
৮৩ বছর বয়সি রানি দ্বিতীয় মার্গ্রেথে ১৯৭২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন। রবিবার (৩১ ডিসেম্বর) নববর্ষের আগে নিজের ঐতিহ্যবাহী বক্তৃতার সময় লাইভ টিভিতে অপ্রত্যাশিতভাবে এই ঘোষণা দেন তিনি। নববর্ষ উপলক্ষ্যে দেওয়া রানির এই ভাষণ প্রতিবছরই ডেনমার্কের বহু মানুষ প্রত্যক্ষ করে।
ভাষণে তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে তার পিঠে একটি সফল অপারেশন হয়। এর পরই তিনি ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। এজন্য পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। তিনি বলেন, আগামী ১৪ জানুয়ারি আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।
২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে যান। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।
এদিকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় রানি মার্গ্রেথেকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, ‘রানি মার্গ্রেথে ডেনমার্কের মূর্ত প্রতীক।’ সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
Leave a Reply