রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেলা ১২টার দিকে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
তিনি বলেন, আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিবকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে গ্রেফতার ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর ফখরুলের গ্রেফতার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার ৮টি মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদাল জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখানোর পর জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
Leave a Reply