বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি অবসরে যাবেন আবু ফরাহ মো. নাছের। বয়সসীমা ৬২ বছর পূর্ণ হওয়ায় ওইদিনই তার চাকরির মেয়াদ শেষ হবে। এরপর তাকে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দেওয়া হবে। এজন্য সর্বশেষ বোর্ড মিটিংয়ে পলিসি অ্যাডভাইজর নামক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, আবু ফরাহ মো. নাছের অবসরে গেলে বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। কারণ তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। দীর্ঘদিন তিনি ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগের মহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভাগটি দেশের ব্যাংক খাতের জন্য নীতি প্রণয়ন, শৃঙ্খলা রক্ষা ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই আবু ফরাহ মো. নাছেরকে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদে তিনি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দ্রুত সময়ের মধ্যে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মিটিংয়ে পলিসি অ্যাডভাইজর হিসেবে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আগে এই পদটি ছিল না। এই পদে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের যুক্ত হতে পারেন। ডেপুটি গভর্নর পদে থেকে পদত্যাগের পরে তিনি এই পদে যুক্ত হবেন।
তবে ডেপুটি গভর্নর আবু ফরাহ নাছেরের কাছে জানতে চেয়ে তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
জানা গেছে, স্থলাভিষিক্ত হিসেবে জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, আবুল বসর ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান নাম প্রস্তাব করা হয়েছে। এর বাইরে সাবেক নির্বাহী পরিচালকদের মধ্যে মো. আওলাদ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম ও এএফএম শাহীনুল ইসলামের নামও ডেপুটি গভর্নর পদে আলোচনায় আছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ১৪ মার্চে পিআরএল স্থগিত শর্তে আবু ফরাহ মো. নাছেরকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেই হিসেবে আগামী ২৩ ফেব্রুয়ারি তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
Leave a Reply