রোজার মধ্যেই বাড়লো চালের দাম। সবধরনের চাল কিনতে বস্তাপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা করে। বৈশাখের আগে দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। কমেছে মুরগি ও মাছের দাম। কমতির দিকে লেবু, শসা, টমেটোসহ সবজির বাজার।
বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার বেড়েছে সবধরনের চালের দাম। স্বর্ণা, মিনিকেট, নাজিরশাইলসহ সব চালই বেড়েছে বস্তাপ্রতি ৫০ থেকে ১০০ টাকা। ঊর্ধ্বমূল্যের বাজারে নতুন করে চালের দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। দাম শিগগিরই কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা।
মুরগির বাজার কিছুটা কমতির দিকে। কেজিতে ৩০ টাকা কমে ব্রয়লার ২০০ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩০০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। মাছের বাজারে ক্রেতা কমায় কমেছে দামও। বিক্রেতাদের দাবি- কেজিতে সবধরনের মাছের দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
রোজার শুরুতেই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া লেবু, শসা আর টমেটোর দাম স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুটা স্বস্তি এসেছে অন্যান্য সবজির দামেও।
চিনি, তেল, ডালের দাম নতুন করে না বাড়লেও এসব পণ্য ক্রয়ক্ষমতার নাগালে রাখার আহ্বান ভোক্তাদের।
Leave a Reply