নাইজেরিয়ায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য ডেলটার বোমাদি অঞ্চলে জাতিগত দ্বন্দ্ব মোকাবেলা করতে গিয়ে ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (১৭ মার্চ) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় নিহতদের মধ্যে ওই দলের নেতৃত্বে থাকা কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ জন সৈনিক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বোমাদির ওকুমা সম্প্রদায়ের মধ্যে চলা সংঘাত মোকাবেলায় ওই সেনাদল গিয়েছিলো। সেখানে তাদের ওপর এ হামলা হয়। গুসাউ বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছেন।
উল্লেখ্য, ডেলটা রাজ্যে সম্প্রদায়গত সংঘাত অনেকটা সাধারণ ঘটনা। সেখানে জমি ও তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে মাঝেমধ্যেই সংঘাত প্রাণঘাতী রূপ নেয়। এ ধরনের সংঘাত নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলেও বিরাজমান। এসব স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। আবার এসব স্থানে সরকারি বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগও রয়েছে। সূত্র: আল জাজিরা
Leave a Reply